সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। বুধবার দিবাগত মধ্যরাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের একজন নাগরিক হিসেবে এবং জাতীয় নাগরিক পার্টির একজন হিসেবে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন ভোট দেয়। কেউ যদি ভয়ভীতির কারণে, হামলার কারণে বা ভোটকেন্দ্রে সমস্যা সৃষ্টি হতে পারে মনে করে ভোট দিতে না যান তাহলে আমরা ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ফিরে যাব এবং দেশে কোনো পরিবর্তন আসবে না।’
এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখন থেকে কেন্দ্র পাহারা দিন। তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন। গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হলে আমাদের নেমে আসতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে আজ প্রথম প্রহর থেকে যেন ভোটকেন্দ্র পাহারা দেয়া হয়।’
এর পরপর এনসিপির ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, ‘আপনারা সকাল থেকেই দলে দলে ভোট কেন্দ্রে আসুন। এবার জবাব হবে ব্যালটে, ইনশাআল্লাহ।’










