রাজধানীতে ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকের চাকরিচ্যুতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গ্রাহক ফোরামের সদস্য সচিব মোতাছিম বিল্লাহসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল রাজধানীর দিলকুশায় এ ঘটনা ঘটে।

প্রায় তিন মাস ধরে পর্ষদ ও চেয়ারম্যান ছাড়াই চলছে ইসলামী ব্যাংক। এতে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করাসহ বিভিন্ন দাবিতে ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মীরাও চাকরি ফেরতের দাবিতে গতকাল সকালে সেখানে জড়ো হোন। তারা অন্তর্বর্তী সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন। অভিযোগ আছে, তাদের অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পান। এসব কর্মকর্তার বেশির ভাগ চট্টগ্রামের পটিয়া এলাকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এসব কর্মকর্তাকে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়।৷ তবে তাদের বেশির ভাগই পরীক্ষায় অংশ নেননি। এ কারণে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান। তারাই বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় তাদের ধাওয়া-পাল্টাধাওয়া করতেও দেখা যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে চাকরি ফেরতের দাবিতে আন্দোলনকারীরা প্রধান কার্যালয়ের সামনে থেকে সরে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।

আহতদের মধ্যে রয়েছেন মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মোতাসিম বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়।

ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

সংঘর্ষের পর এদিন বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংকের সামনেই সংবাদ সম্মেলন আয়োজন করে গ্রাহক ফোরাম। এ সময় গ্রাহক ফোরামের নেতারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই গ্রাহক ফোরামের সদস্যদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। অথচ তারা শান্তিপূর্ণ কর্মসূচিই পালন করছিলেন।