সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিমজোন মোংলা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন, জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। আটককৃতরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দুক ও ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।










