পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘‌ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই। ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি।’গতকাল বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘‌লেন্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘‌ফটো সাংবাদিকতা কতটা ঝুঁকির তা বলে বোঝানো যাবে না। ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ছবি হৃদয়ে ভীষণ দাগ কাটে। কথা বলে তাদের ছবি, ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে ইতিহাস জানতে পারি। ছবি আমাদের পুরনো দিন ও ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।’

মন্ত্রী বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে সবার চোখ গ্রামের দিকে নিয়ে গেছেন। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তার নেই কোনো অহংকার। আর এসবই ছবির মাধ্যমে তুলে ধরেন ফটোসাংবাদিকরা।’ 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‌সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে সবসময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। কোনো এলাকা বা কোনো গোষ্ঠীর সঙ্গে শেখ হাসিনার বিভেদ নেই। প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাসী।’ 

বিপিজেএর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধরী নবেল প্রমুখ।