মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আকাশপথে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৫ মার্চ পর্যন্ত এই অঞ্চলের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ মার্চ) বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত রুটে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।










