জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ সেবা আবার চালু হয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেয়া শুরু হয়।।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে বহির্বিভাগের সেবা চালু করা হয়েছে। শনিবার থেকে সব সেবা চালু হতে পারে।
গত ২৫ মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসাধীন চার জুলাইযোদ্ধা। তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর তিনদিন পর ২৮ মে জুলাই আন্দোলনে আহত ও তাদের স্বজনদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়। পরে ৪ জুন সীমিত পরিসরে জরুরি সেবা পুনরায় চালু হলেও অন্য সেবা বন্ধই ছিল। এ সময়জুড়ে হাসপাতালে ভর্তি অনেক রোগী চলে যান।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম গণমাধ্যমকে বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবার টিকিট দেয়া হয়েছে। শনিবার হাসপাতালের সব সেবা চালু করার পরিকল্পনা আছে।











