তুরাগ নদী দখল, আশেপাশের এলাকায় ধুলাবালির প্রভাব এবং অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (৭ অক্টোবর) উত্তরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ক্যাম্পাসের আশপাশের এলাকাও পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের কারণে তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ক্যাম্পাসের পাশের বালু উত্তোলনের ফলে ধুলাবালিতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।
শিক্ষার্থীরা বলেন, তুরাগ নদীর পাড় দখল করে দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ ব্যবসা চলছে। বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
মানববন্ধনে স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও অংশ নেন। তারা জানান, ধুলাবালির কারণে ঠিকভাবে খাবার বিক্রি করা যায় না। বালু উত্তোলনের সময় রাস্তা জুড়ে ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে যানজট ও দুর্ঘটনা ঘটে।
এ সময় উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা মানববন্ধনের পাশাপাশি একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালায়। যৌথভাবে এ মানববন্ধন আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব ও এনভায়রনমেন্ট ক্লাব। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল উত্তরা ইউনিভার্সিটির এফডিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।










