নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময় বাস্তবসম্মত গণমুখী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও একই ফোকাস থাকবে। এ বাজেট বাস্তবসম্মত হয়েছে।

বাজেট প্রণয়নে আইএমএফের কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।