ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনার কিছুক্ষণ পর একই এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে আহত হয়েছেন সাতজন। আজ বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মর্তুজা বেগম (৬০) ও জান্নাত (৩)। সম্পর্কে তারা নানি-নাতনি। আহতরা সবাই সেনা সদস্য।

জানা গেছে, সকালে মর্তুজা বেগম তার তিন বছর বয়সী নাতনী জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে মরদেহ দুটি দেখতে পেয়ে অপর একটি বাস সড়কে থেমে যায়। এসময় পেছন থেকে সেনাবাহিনীর একটি গাড়ি বাসটিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে থাকা খাদে উল্টে পড়ে যায়। গাড়িতে থাকা সাত সেনা সদস্য এ সময় আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত সেনা সদস্যদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন সুফল বণিক বার্তাকে বলেন, আহত সেনা সদস্যদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।