বাগেরহাটের কচুয়ায় হঠাৎ করেই মারা যাচ্ছে ঘেরের মাছ। গত দুদিনে কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের আব্দুল জব্বার শেখের ৭০ মণের বেশি মাছ মারা গেছে। শুধু জব্বারের ঘেরে নয়, এলাকার আরো অনেকের মাছ মারা যাচ্ছে। হঠাৎ করে মাছ মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, আবহাওয়াজনিত অর্থাৎ ঠাণ্ডা-গরম এবং ঘেরের মাটি ও পানি দূষিত হওয়ার কারণে মাছ মারা যাচ্ছে।
গতকাল সকালে আব্দুল জব্বার শেখের ঘেরে গিয়ে দেখা যায়, পানির ওপর সাদা মাছ ভেসে রয়েছে। শ্রমিকরা মাছ উঠিয়ে ঘেরের পাড়ে মাটিচাপা দিচ্ছেন। মাছের মৃত্যু ঠেকাতে নতুন পানি সরবরাহের পাশাপাশি বিভিন্ন ওষুধ ব্যবহার করলেও কোনো কাজে আসেনি বলে জানান জব্বার শেখের ছেলে আব্দুর রহিম শেখ।










