ঈদের আগেই দেশব্যাপী ‘নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খননের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের অপর ৬৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির সূচনা করবেন। বৃহস্পতিবার (৫ মার্চ) পানিসম্পদ মন্ত্রণারয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

‎পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলে। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে। ১৮০ দিনের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান, স্থানীয় সরকার সচিব মো. শহীদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ উপস্থিত ছিলেন।