চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে মারধরের শিকার হয়েছেন শাহেদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এসময় তাকে অপহরণের চেষ্টাও করে দুর্বৃত্তরা। এর আগে তাকে শিবির আখ্যা দিয়ে দুই দফা পিটিয়েছিল ছাত্রলীগ।

আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নিয়ে যাওয়া হয়। তখন তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে।

মারধরের শিকার শাহেদুল ওই ইন্সটিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে আমরা কথা বলেছি। কারা তাকে মারধর ও অপহরণের চেষ্টা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি। তবে মারধরকারীরা তাকে শাহজালাল হলে নিয়ে যেতে চেয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর যদি তিনি নিরাপত্তাহীনতা ভোগেন তবে আমাদের জানাতে বলেছি। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো।’