বড় ধরনের সংঘাত ও সংঘর্ষ ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ভোটের শেষ সময় বিকাল সাড়ে ৪টায় ভোট কেন্দ্রের সীমানার মধ্যে কাউকে আর ঢুকতে দেয়া হয়নি। তবে লাইনে যারা ছিলেন তারা ভোট দেয়ার সুযোগ পান।

এর আগে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ২৯৯ আসনে সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশের মতো ভোট পড়েছে। সারা দেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হিসাব করা হয়েছে। এর ভিত্তিতে ৫৫ থেকে ৬০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে অনুমান করছেন কর্মকর্তারা।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে নির্বাচন চলাকালে দেশজুড়ে অসুস্থ হয়ে ছয়জনের মারা যাওয়ার খবর এসেছে।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় আয়োজিত এ ভোটে সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট দিতে আসতে দেখা যায় ভোটারদের। শহর ও গ্রামের ভোট কেন্দ্রগুলোর বেশির ভাগ এলাকায় ছিল উৎসবের আমেজ।

ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। একই বাক্সে দুই ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। সেগুলো আলাদা করে একই সঙ্গে গণনা করা হবে। পরে এর ফল কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।