তিনি বলেন, ‘বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করছে। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।’
গতকাল জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমন প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।’
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এ চেতনাকে ধারণ ও লালন করে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আহমেদ আযম খান বলেন, ‘জুলাইয়ের চেতনা অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিমসহ ১ হাজার ৪০০ শহীদের শাহাদতবরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা।’
দিনটির তাৎপর্য তুলে ধরে নিয়ে মন্ত্রী বলেন, ‘এটি বেদনা, সংগ্রাম, বিদ্রোহ এবং ফ্যাসিবাদ পতনের অভিযাত্রার দিন। দুই বছর আগে এ দিনে রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সম্মান জানিয়ে সরকার ১৬ জুলাইকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে।’
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবি ডনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকাল ৬টা ১ মিনিটে রাজধানীর রায়েরবাজার জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










