রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে প্রথম পর্যায়ে বৈঠক শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। ওই দিন বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সূত্রে জানা গেছে, ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে আগামী সপ্তাহে আরো দুটো দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন।
এদিকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এ দিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দেয়া বাকি ১৩টি দল হল—লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি; খেলাফত মজলিস; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি; বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য।
প্রসঙ্গত, গত বছর রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার। সংবিধান, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি, পুলিশ এবং নির্বাচন সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ মতামত গত ফেব্রুয়ারি মাসে জমা দেয়। এরপর সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।










