চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায়, ফেনী, কুমিল্লা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর ও পাবনায় আরো সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত নয়জন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গোলাম সারোয়ার (৪৩) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান। গোলাম সারোয়ার ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করতেন। দুর্ঘটনায় গোলাম সারোয়ারের সহকর্মী সাগর (৩০), স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০) আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে করে এক সহকর্মী ও পরিবারের সব সদস্য মিলে চট্টগ্রামে বেড়াতে যাচ্ছিলাম আমরা। পথে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থামিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বিকট শব্দ হওয়ার পর আমি অচেতন হয়ে পড়ি। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারি আমার স্বামী ও মেয়ে মারা গেছে। আমার ছেলেটাও আহত হয়েছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বাবা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত আরো চারজনকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়ায় ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়েছি আমরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ফেনী: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেট ও সদর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মৃত আবু ইউছুপের ছেলে আহমেদ শরীফ (৩৮) ও ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুরের মো. মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৩৪)।
পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক আহমেদ শরীফ (৩৮) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া সিএনজিচালিত অটোরিকশার মধ্য থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে অটোরিকশাটি উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত অটোরিকশাচালক ইব্রাহিম লালপুল থেকে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গাড়ির ধাক্কায় তার অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
কুমিল্লা: জেলার দাউদকান্দিতে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ফিরোজ হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে।
সিরাজগঞ্জ: প্রাইভেট কারের ধাক্কায় সিরাজগঞ্জে এক দোকানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হাফিজুল ইসলাম (৩৫) কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত আমিরুল ইসলাম (৪৫) একই এলাকার মদিনা প্রামাণিকের ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে টানা ৬ ঘণ্টা বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ভেঙে যায়। এ সময় দোকানের সামনে বসে থাকা হাফিজুল ইসলাম ও আমিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল ইসলাম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত আমিরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় হয়েছে।
ময়মনসিংহ: ত্রিশালে অটোভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজগর আলী খানের একমাত্র ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিল।
দিনাজপুর: জেলার পার্বতীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুদ রানা (২০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই আরোহী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কের তাজ অটো মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা: দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই মো. রায়হান। নিহত জামিল (২২) সদর উপজেলার গাছপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।










