টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার বোঝাই ব্যালট পেপার বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর
কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কেন্দ্রের বাকি ব্যালটবাক্সসহ
নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরত কর্মকর্তারা কেন্দ্র ত্যাগ করেন।
গোপালপুর থানার ওসি মোহাম্মদ
ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়ন্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এ ঘটনায় দুইজন
আনসার সদস্য আহত হয়েছেন। অভিযোগ দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










