উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসাসেবায় সহায়তা করতে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল দেশে আসছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে ঢাকায় আসছে সিঙ্গাপুরের এই চিকিৎসক দলটি। রাতে দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।
দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আয়োজিত এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা দগ্ধ ও আহতদের চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যাপারেও তারা পরামর্শ দেবেন। এছাড়াও, সিএমএইচ থেকে দুজনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জেনারেল কমান্ড্যান্ট সোলায়মান।










