এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম স্কুলের মোট ২ হাজার ৫৪৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও লেভেল এবং ৬১৭ জন এ লেভেল শিক্ষার্থী রয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেলে ৮৪ জন বিশ্বসেরা (ওয়ার্ল্ড টপার) এবং ৪২ জন দেশসেরা (কান্ট্রি টপার) শিক্ষার্থী রয়েছেন। এছাড়া এ লেভেলে ৯ জন বিশ্বসেরা এবং ২৮ জন দেশসেরা শিক্ষার্থীও সম্মাননা লাভ করেছেন।

এবারের আয়োজন ছিল ‘দ্য ডেইলি স্টার ও অ্যান্ড এ লেভেল অ্যাওয়ার্ডস’-এর ২৫তম আসর। প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। তিনি বলেন, ‘আজকের এ ডেইলি স্টারের মঞ্চ বিশাল। কিন্তু আমি মনে করি, তোমাদের অর্জনের তুলনায় এ মঞ্চও ছোট। তোমাদের প্রকৃত মঞ্চ হবে সমগ্র বিশ্ব। তোমরাই বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো প্রান্তে যাও, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করো। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করো। তোমাদের অবদান ছাড়া বাংলাদেশ তার প্রকৃত সম্ভাবনায় পৌঁছতে পারবে না।’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর মেয়ে স্কলাস্টিকার শিক্ষার্থী সামিয়া বিনতে সালাউদ্দিন পুরস্কার নেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এভাবে তরুণদের উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও প্রতিভা দিয়ে দেশ গঠনে অনুপ্রাণিত করা হচ্ছে।’

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশে আইডিপি এডুকেশনের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অসাধারণ ফলাফল দেশের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে তারা আহ্বান জানান, এ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

মানসম্মত শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মনজুরকে বিশেষ সম্মাননা জানানো হয়।

ফয়সল রহমান, মাহফুজ আনাম এবং দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিয়তা ঘোষ পিউ। তিনি এক আসনে ও লেভেলে ৮টি A* ও ৩টি A অর্জন করেছেন। চেঞ্জেসের (অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল) সাফেয়া চৌধুরী, যিনি এক আসনে ১১টি A* পেয়েছেন। সাহিল সাদমান, যিনি এক আসনে ১৫টি A* ও ১টি A অর্জন করেছেন।

অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের জিকরা হাফেজ নূর কোরআন থেকে তিলাওয়াত করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার প্রথমা দাস গীতা থেকে পাঠ করেন। একাডেমিয়ার চার্লস ডেভিড বিশ্বাস বাইবেল থেকে এবং এজি চার্চ স্কুলের সব্যসাচী বড়ুয়া ত্রিপিটক থেকে পাঠ করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।