যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এমএম কলেজ) ছাত্রদলের বৃক্ষরোপণ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কলেজ মসজিদ গেট এলাকায় গতকাল দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমএম কলেজ ছাত্রদল বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচির আয়োজন করে। দুপুরে কলেজ মসজিদে দোয়া মাহফিল শেষে অসহায়দের মাঝে যখন খাবার বিতরণ করা হচ্ছিল তখন কলেজ ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম রাব্বীর নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালায়। এ ঘটনায় পাঁচজন গুরুতর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার ও ছাত্রদল কর্মী সাদিকুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।










