মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, রাজধানীর ধানমন্ডি ও সিরাজগঞ্জে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
মেহেরপুর: জেলার চাঁদবিলে একটি ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হাসান আলী (২১) অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। অন্যজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক সাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি একটি তেল পাম্পের আগে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকের ওই চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এর আগেও একই সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে।
ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে ইটভাটার ট্রাক্টর চাপায় রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত গণি মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক ছিলেন।
ঢাকা: ধানমন্ডিতে গাড়ির ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে হাটিকুমরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।










