প্রস্তাবিত বাজেটে ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনা হয়েছে।  বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বর্তমানে ছয়টি স্তরে শুল্ক নেয়া হলেও প্রস্তাবিত বাজেটে এ স্তর হচ্ছে আটটি। যেখানে গ্রাহকের আমানত ১০ লাখ টাকার বেশি হলে বাড়তি অর্থ দিতে হবে।

বর্তমানে এক লাখ পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুটি স্তরে কোনো পরিবর্তন আনা হয়নি।

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুসারে, বর্তমানে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার যে স্তর রয়েছে, সেটি ভেঙে দুটি স্তর করা হয়েছে। এ ক্ষেত্রে ১০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই ৩ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানতে ৩ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা আবগারি শুল্ক বসেছে।

এ ছাড়া ১ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটিও ভেঙে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা এবং ২ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে। এত দিন ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক বসেছে।