দল-মত নির্বিশেষে সবাইকে এক জোট হয়ে লড়াই শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, যে স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়িত করতে, আমরা সবাই আবার এক জোট হয়ে লড়াই শুরু করি। যে লড়াইয়ে অবশ্যই আমরা তাদের পরাজিত করতে সক্ষম হব।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নাগরিক জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।