নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপাজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেলের গুদামে যৌথ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব।

গতকাল দিবাগত রাত ১টার দিকে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‍্যাবের যৌথ দল রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামের দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে মজুদকৃত মোট নয়টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ, বোতলজাতকরণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ স্টিকার লাগিয়ে বাজারজাতকরণের সুস্পষ্ট প্রমাণও পান অভিযান পরিচালনাকারীরা।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন। অবৈধভাবে মজুদকৃত তেল এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।