জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। সমঝোতা স্মারক চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং এনআইএলএমআরসির পক্ষে পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ সই করেন।

উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক ড. মো. ফিরোজ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সালমা আক্তার এবং এনআইএলএমআরসির উপপরিচালক ডা. নাজমুন নাহার, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আয যুবায়ের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা-প্রকাশনা ও সায়েন্টিফিক মেথডলজিতে পারস্পরিক সহযোগিতার সুযোগ পাবেন। এছাড়া মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রিসহ হেলথ সায়েন্সের বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং সিম্পোজিয়াম আয়োজন করবেন। —বিজ্ঞপ্তি