আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ৫২০ নম্বর সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয় করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীসহ সকল দপ্তরের প্রতিনিধিগণকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষা, বাজেট ও সার্বিক প্রশাসনিক সহায়তা নিশ্চিতে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এ সভায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন ইসির কর্মকর্তারা।

সভায় মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সচিব (জনপ্রশাসন, স্বরাষ্ট্র, শিক্ষা, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার ইত্যাদি), বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর প্রধানগণ, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই ও এনএসআই) ও বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।

নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে উক্ত সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।