আয়কর আইন পর্যালোচনা করতে একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
জানা গেছে, এ টাস্কফোর্স আয়কর আইন, বিধি ও প্রজ্ঞাপনগুলোর খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করবে। এছাড়া রাজস্ব আহরণে নতুন আইনের প্রভাবও বিশ্লেষণ করবেন তারা। বিভিন্ন খাতে যে কর ছাড় দেয়া হয়েছে, এর প্রভাব ও যৌক্তিকতা নিয়েও কাজ করবে এ টাস্কফোর্স। করছাড়ের বিষয়ে সুপারিশ থাকবে তাদের প্রতিবেদনে। তার আগে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর করদাতাদের সঙ্গে বৈঠক করবে এনবিআরের টাস্কফোর্স।









