সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’ গতকাল বিকালে তৃতীয় ধাপে নির্বাচন-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ভোটার উপস্থিতি ৩৫ শতাংশের কিছু বেশি। আগামীকাল (আজ) এটি চূড়ান্ত জানা যাবে। এ নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
ভোটার উপস্থিতি সন্তোষজনক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। অনেক জায়গা কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে। যদিও ধান কাটা অনেক আগেই শেষ হয়েছে। এর মধ্যে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক।’










