সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের প্রতিবন্ধকতামূলক নোটিস প্রত্যাহার দাবিতে গতকাল ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের ছয়টি সংগঠন। বেলা ১১টায় ববি ক্যাম্পাসের মূল ফটকের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনগুলোর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য তাৎক্ষণিক বুধবারের ওই নোটিস স্থগিতের ঘোষণা দেন। একই সঙ্গে পরবর্তী সময়ে সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে নতুনভাবে কর্মপরিকল্পনা সাজানোর আশ্বাস দেন তিনি।
এর আগে বুধবার ববি প্রশাসনের দেয়া নোটিসে সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। মানববন্ধনে এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।










