আগামী অর্থবছরে দেশী-বিদেশী বিভিন্ন ঋণের সুদ মিলিয়ে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সুদ মোট বাজেটের ১৪.২৪ শতাংশ। এর মধ্যে দেশী অর্থাৎ অভ্যন্তরীণ ঋণের সুদই বেশি।  বৃহস্পতিবার (৬ জুন)  জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

প্রস্তাবিত জাতীয় বাজেটে অর্থমন্ত্রী উল্লেখ করেন, আগামী অর্থবছরের জন্য সুদ বাবদ সরকারের ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে দেশি অর্থাৎ অভ্যন্তরীণ ঋণের সুদই বেশি। এর পরিমাণ ৯৩ হাজার কোটি টাকা। আর বিদেশী ঋণের সুদ ২০ হাজার ৫০০ কোটি টাকা।




চলতি ২০২৩-২৪ অর্থবছরে সুদ ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৫ হাজার কোটি টাকার কাছাকাছি। কিন্তু সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ৩০০ কোটি টাকা করা হয়। সংশোধিত বাজেটকে ভিত্তি ধরলে সুদ ব্যয়ের বরাদ্দ ৭ হাজার কোটি টাকা বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে সুদ বাবদ বরাদ্দ করা ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা হলো  মোট বাজেটের ১৪.২৪ শতাংশ।