প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে যশোরের শানতলার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ায় এক জনসভায় যাওয়ার সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক তিনটি মামলা হয়। শুনানি শেষে গত বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ হামলার সঙ্গে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এর মধ্যে ইয়াছিন আলীসহ ৪৪ জনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই সাজা মাথায় নিয়ে ইয়াছিন আলী এতদিন পালিয়েছিলেন।
পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিন আলীর অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে মঙ্গলবার রাতে যশোরের শানতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।










