পিরোজপুরে গতকাল বুধবার রাতে এক চীনা নাগরিক হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন, তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো অপরাধী রক্ষা পাবে না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। 

পিরোজপুর সার্কিস হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এ সংসদ সদস্য রেজাউল করিম।

এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮-এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সেতুটির সিকিউরিটি ইনচার্জ কাও, ডেপুটি ম্যানেজার জয়েন।

মন্ত্রী বলেন, চীন আমাদের দেশের ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। চীন আমাদের বন্ধু দেশ। এ ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের সম্মুখীন করতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ যথেষ্ট তৎপর রয়েছে। এরই মধ্যে সিরাজ ও রানা নামের সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

এরপর তিনি বলেন, সকলকে আশ্বস্ত করতে চাই যে, এ ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধী এড়িয়ে যেতে পারবে না।আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, র‌্যাব ও কোষ্টগার্ডসহ সংশ্লিষ্ট সবার কর্মকাণ্ডে চীনা কর্মকর্তারা খুশি হয়েছেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পিরোজপুরের দুইটি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না। বেকুটিয়া সেতুর কাজ স্বাভাবিক গতিতেই চলবে। 

এসময় উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো সংবাদ পরিবেশন না করতে সাংবাদিকদের অনুরোধ করেন মন্ত্রী। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা। 

উল্লেখ্য, বুধবার রাতে বেকুটিয়া সেতুর টেকনিশিয়ান লাওফেং দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে আজ সকালে ঢাকা থেকে পিরোজপুরে যান প্রাণিসম্পদ মন্ত্রী। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্মরত চীনা নাগরিকদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং এ হত্যাকাণ্ডের বিচার ও কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী।