চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নীলুফার কায়সারের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য, প্রখ্যাত কূটনীতিবিদ মরহুম আতাউর রহমান খান কায়সারের সহধর্মিণী এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের মাতা।
অসামান্য প্রতিভাসম্পন্ন নীলুফার কায়সার নারী, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। সততা, ন্যায়নিষ্ঠা, সর্বজনপ্রীতি ও পরোপকারিতার মূর্ত প্রতীক এ বিদুষী নারী মুক্তিযুদ্ধোত্তর ১৯৭২ সালে বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে ওই কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে যেমন, তেমনি সমাজসেবায়ও সমগ্র চট্টগ্রামই ছিল নীলুফার কায়সারের বিস্তৃত চারণভূমি। চট্টগ্রামের আনোয়ারায় খাসখামা গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ওই এলাকার এতিম ও দরিদ্র কন্যাশিশুদের শিক্ষার ব্যবস্থাকরণে ফলপ্রসূ উদ্যোগ নেন তিনি। এছাড়া সমাজসেবা প্রতিষ্ঠান ইনার হুইল ক্লাব অব চিটাগং, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা, চট্টগাম জেলা ক্রীড়া পরিষদ, চট্টগ্রাম জাতীয় মহিলা সংস্থা, লায়ন্স কাব, লেডিজ ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে সফলতার সঙ্গে সক্রিয় ভূমিকা রাখেন নীলুফার কায়সার।










