রাজধানীর তুরাগ সিরাজ মার্কেটের পাশে আকবর ভবন সবুজের বস্তি এলাকায় কবিতা রাফা (৭ মাস) নামে এক শিশুকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ কবির নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শিশুটির মা লিমা আক্তার জানান, আমার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশাচালক। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে আছাড় মারে সে। গুরুতর আহত অবস্থায় বাচ্চাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আজ দুপুরের দিকে আমার মেয়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমার স্বামী কবিরকে আটক করে পুলিশের সোপর্দ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।










