চোরাই সেলফোন ফোন কেনা-বেচা দুটোই অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (৫ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ধর্মমন্ত্রীর
চুরি হওয়া মোবাইল উদ্ধার সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চোরাই সেলফোন কেনা-বেচা দুটোই অপরাধ জানিয়ে ডিবিপ্রধান বলেন, চোরাই
মোবাইল ফোন যার কাছে পাওয়া যাবে তাকেও আইনের আওতায় আনা হবে। অনুমোদিত বিক্রয় কেন্দ্র
ছাড়া অন্য কোনো স্থান বা ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ক্রয় না করা, পুরনো মোবাইল
ফোন না কেনা, চিকিৎসা করার টাকা নেই তাই রাস্তায় দাঁড়িয়ে মোবাইল বিক্রি করতে চাওয়া
ব্যক্তির কাছ থেকে মোবাইল না কেনা এবং মোবাইলের পূর্ণাঙ্গ তথ্যসংবলিত রসিদ ছাড়া মোবাইল
ফোন কেনা যাবে না।
সেলফোন হারালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করে চুরির মামলা করার
পরামর্শ দিয়ে ডিবি প্রধান বলেন, অনেকে মোবাইল চুরি হলে জিডি পর্যন্ত করতে চান না। তাদের
প্রতি আমাদের অনুরোধ, মোবাইল চুরির সঙ্গে সঙ্গে একটি মামলা করবেন। মামলা ছাড়াও মোবাইল
চুরি রোধে মোবাইলে স্ট্রং পাসওয়ার্ড এবং নামাজ ও জানাজাতে গেলে পাঞ্জাবির পকেটে মোবাইল
ফোন রাখবেন না। কেউ যখন জানাজা বা নামাজ পড়তে যায় চোররা তখন সুযোগ পেয়ে মোবাইল নিয়ে
যায়।










