স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি পোশাক ও চামড়াসহ ৪৩ খাতের পণ্যে নগদ প্রণোদনা কমানো হয়েছে। পণ্যভেদে কমেছে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।

গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রফতানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পা‌বে। ২০২৩-২৪-এও ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল। নতুন অর্থবছরে নির্ধারিত পণ্যে সর্বনিম্ন দশমিক ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ হারে এ নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা, যা ২০২৩-২৪-এ ছিল ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, একদিকে সংকটে ডলারের খরচ কমাতে চাইছে সরকার। অন্যদিকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে এ সহায়তা কমানো হয়েছে।

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের মতো চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। এবার প্রায় সব পণ্যের নগদ সহায়তার হার কমানো হয়েছে।