চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় কোটাসংস্কার আন্দোলনকারীদের
সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে । বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে । বর্তমানে
শহর এলাকার বাস, টেম্পো, অটোরিকশা ও দূরপাল্লার বাস চলাচল করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ
শুরু করার পর যান চলাচল অনেকটাই কমে আসে।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম
শাহ আমানত সেতু এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীরা। এরপর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন তারা। সকাল ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের
সরে যাওয়ার অনুরোধ করার পর তারা না সরলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থীদের
লক্ষ্য করে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে
মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে
সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ ।
আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জানান, সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির
অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে পুলিশের টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও
অবস্থান ছাড়ছেন না। আন্দোলনে হামলা ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনার বিচার চান তারা।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, কিছু
দুষ্কৃতকারী আন্দোলনের নামে রাস্তা বন্ধ করেছিল। পরে পুলিশের ওপর ইট নিক্ষেপ করে তারা।
এরপর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। নাশকতা এড়াতেই পুলিশের এই অবস্থান ।










