বাগেরহাটের মোরেলগঞ্জের পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে আল-আমিন খান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।এ ঘটনায় আল-আমিনসহ আরো দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রোববার (৩ মার্চ) ইংরেজি পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্নপত্র থাকা অবস্থায় আমরা আল আমিনকে হাতে নাতে ধরেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।

গ্রেফতার আল আমিন মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের মো. মাসুম খানের ছেলে। বাকি দুইজন হলেন পঞ্চকরণ দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী ও খারুইখালি দাখিল মাদরাসার শিক্ষক এমদাদ হোসেন। 

নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এ চক্রের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। আমরা আল আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি।সে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিল। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে আল আমিন ও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।