টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ভোলা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, সিরাজগঞ্জ ও হবিগঞ্জে আরো আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: গতকাল সন্ধ্যায় দুই মোটরসাইকেল আরোহী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেয়ার পথে অন্যজনের মৃত্যু হয়। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পালপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে আদমান আলম (১৭) ও পাতুলীপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে তাইয়ুম আলম (১৭)।

ভোলা: জেলার বোরহানউদ্দীনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার দাদাল বাজার গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. সফু হক ও সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পণ্ডিতের পোল এলাকার মো. হানিফের ছেলে মো. ওমর সানি (৫)।

পুলিশ জানায়, দুপুরে ভোলার আলীনগর পণ্ডিতের পুল এলাকায় শিশুদের সঙ্গে রাস্তায় খেলাধুলা করছিল ওমর সানি। এ সময় একটি অটোরিকশা শিশুটিতে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় সফু হক নিহত হন। ভোলা মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর: প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকালে ভাঙ্গা ও নগরকান্দা সীমান্তবর্তী পুকুরিয়া বাসস্ট্যান্ড ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল মৃধা (২০) ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের লায়েক মৃধার ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ কাফি বিষয়টি নিশ্চত করেছেন।

ময়মনসিংহ: ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালতি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বেলা ১১টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের সুতিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (২৫) গফরগাঁও উপজেলার পৌর শহরের ইমামবাড়ীর মোহাম্মদ তামিমের স্ত্রী। অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার গফরগাঁও থেকে অটোরিকশায় ময়মনসিংহে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

যশোর: জেলার ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০)। রোববার রাতে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। রোববার রাতে উপজেলার চৌবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসানের ছেলে খালিদ (১৮) ও শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৭)।

হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জে সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নাঈম মিয়া (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।