‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর সোয়া ১২টার পর টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল মাধ্যমে বাটন টিপে কার্যক্রম উদ্বোধন করেন। এরপরই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যায়।

ডিজিটাল মাধ্যমে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকদের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন।

krisok_card

ডিজিটাল মাধ্যমে বাটন টিপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: বণিক বার্তা/ভিডিও থেকে

এর আগে গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ডের মাধ্যমে চাষিরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ১০ জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণ চাষি এ সুবিধা পাবেন।

কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা মিলবে। কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারী প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন।