বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক প্রকৌশলী। বুধবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিসিসির বর্তমান উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির। আদালতের বিচারক নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় অন্য আসামিরা হলেন সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, তৎকালীন নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আনিসুজ্জামান, বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধাসহ ১৯ জন।
মামলার বাদী রেজাউল কবির বলেন, ‘বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিসিসির পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কার্যক্রম চলছিল। একপর্যায়ে ড্রেনের ময়লা ছিটে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গায়ে লাগে। এজন্য সবার সামনে প্রকাশ্যে সাবেক মেয়র সাদিক ও তার অনুসারীরা আমাকে মারধর করেন। ওই ঘটনার বিচার চেয়ে আমি মামলাটি করেছি।’










