আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার অভিযোগ এনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রুল জারির আবেদনটি করেছিলেন।
‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর এর আগে একটি আবেদন করেছিলেন ইউনুছ আলী আকন্দ। গত বছরের আগস্টে সেই আবেদনটি নিষ্পত্তি করতে সিইসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু সে আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার আবেদনটি করেন ইউনুছ আলী আকন্দ। সেটির প্রাথমিক শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট এ রুল দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ‘একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করতে গত বছরের ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারকে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু সিইসি আদালতের সে নির্দেশ বাস্তবায়ন করেননি। এ কারণে তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি করি।’










