টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
নিহত সুরাইয়া আক্তার (১০) বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার পড়াশোনা করতো।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বেলা ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণীপড়ুয়া সুরাইয়া আক্তার ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে হেঁটে যাওয়া সুরাইয়াকে চাপা দেয়।
এ ঘটনায় গুরুতর আহত সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক অটোরিকশাটি জব্দ করে পুলিশেল সোপর্দ করেছে স্থানীয়রা। তবে চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সিএনজিচালিত অটোরিকশাটির ৫ যাত্রীও আহত হয়েছেন বলেও জানান এসআই বিল্লাল।










