লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। যেসব প্রবাসী বাংলাদেশীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা ইকামা নেই, তারা কোনো জরিমানা ছাড়াই নিজ খরচে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাবেন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে (রোববার) বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের হল রুমে আবেদনপত্র নেয়া হবে। সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শিশুসহ নারী ও শুধু নারী প্রবাসীদের জন্য এবং বিকেল ২ টা থেকে ৪ টা পর্যন্ত পুরুষ প্রবাসীদের জন্য।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের দূতাবাস নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জেনারেল সিকিউরিটির (আমলনামা) সার্ভিস চার্জ বাবদ ১১০ মার্কিন ডলার এবং ট্রাভেল পারমিট বাবদ ১৫ মার্কিন ডলারসহ মোট ১২৫ মার্কিন ডলার জমা দিতে হবে। তবে যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে, তাদের ট্রাভেল পারমিট বাবদ ১৫ ডলার দিতে হবে না। আবেদনপত্রের সঙ্গে মূল পাসপোর্ট জমা দেয়া বাধ্যতামূলক।
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট, ইকামা, ভিসা, সাফারা কন্ট্রাক্ট বা বিএমইটি কার্ডের ফটোকপি এবং আবেদনকারীর ৬ কপি রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়া সাথে শিশু থাকলে শিশুদের জন্য ৪ কপি রঙিন ছবি, জন্ম সদন ও তার ইংরেজি অনুবাদ এবং পিতা বা মাতার অনাপত্তিপত্র (নোটারি পাবলিক) সংযুক্ত করতে হবে।
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, জেনারেল সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স পেয়ে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার পরই প্রবাসীরা নিজেদের বিমানের টিকিট ক্রয় বা সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে নতুন তারিখ ও সময় অনুযায়ী পুনরায় আবেদনপত্র গ্রহণের সুযোগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










