সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা ও মদনপুর সড়কটি (ঢাকা বাইপাস) চার লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কটির ৬০ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুলাইয়ে মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
গাজীপুরের মীরের বাজারে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াও ঝিমিং বলেন, ‘এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে। এটি দেবে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা। পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি, যানজট নিরসন এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অধীনে বাস্তবায়ন হচ্ছে এক্সপেসওয়েটি। এ প্রকল্প বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ (গ্রুপ) করপোরেশন লিমিটেড (এসআরবিজি), শামীম এন্টারপ্রাইজ লিমিটেড (এসইএল) এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড (ইউডিসি) কাজ করছে। প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ঢাকা বাইপাস পিপিপি প্রকল্পটিতে আগের দুই লেন রাস্তা নতুন করে চার লেন করা হচ্ছে। এছাড়া স্থানীয় যানবাহন চলাচলের জন্য পাশে থাকবে দুটি সার্ভিস লেন। পুরো সড়কে আগে যেখানে ২ ঘণ্টা সময় লাগত, সেটা আধা ঘণ্টায় নেমে আসবে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।










