টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, গত বুধবার করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুরপাড় এলাকায় নাছির কাঁঠালপাতা সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ করে তার কাস্তের আঘাতে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার কেটে যায়। এর জেরে নাছিরের বাড়ি ফেরার সময় একই এলাকার বাসিন্দা বাদল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে বাড়িতে আনা হয়। রোববার রাতে অবস্থার অবনতি হলে তাকে আবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়।
নিহতের চাচা তনছ মিয়া বলেন, মরদেহ বাড়িতে নেয়া হয়েছে। বাদলসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, বাদল নামে এক ব্যক্তি দুই-তিন সঙ্গী নিয়ে নাছিরের ওপর হামলা চালায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে নাছির মারা যায়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










