ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পণ্যবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন।

 

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহত ট্রাক হেল্পারের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী দুটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটির পেছনে আরেকটি ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচরে যায় ট্রাক দুটির সামনের অংশ। মূলত ওভারটেকিং ও দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ভিতরে আটকে থাকা এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় দুটি ট্রাকের দুজন চালক ও হেল্পার সহ আরো তিনজনকে।

এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

 

বণিক বার্তা-কে বিষয়টি নিশ্চিত করেছেন, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। তিনি জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।