চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস। স্বল্প জনবল নিয়ে বিশাল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দিয়ে আসছে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবার মান ভালো হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ। গত পাঁচ বছরে হাসপাতালে ভর্তি, জরুরি ও বহির্বিভাগে মোট রোগী বেড়েছে ২২ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ভর্তি রোগী বেড়েছে ১০০ জন। জরুরি বিভাগে বেড়েছে ১ হাজার ৭৫২ জন। বহির্বিভাগে বেড়েছে ২০ হাজার ৯২১ জন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮২ হাজার ২৬২ রোগী সেবা নিয়েছে। এর মধ্যে বহির্বিভাগে ৫৯ হাজার ৯৬ জন, জরুরি বিভাগে ১৬ হাজার ৭৩০ ও ভর্তি রোগী ছিল ৬ হাজার ৪৩৬ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট থাকার পরও ডাক্তাররা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ২৪ ঘণ্টা। তবে গত বছর থেকে রোগীর চাপ অনেক বেড়ে গেছে।’
হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর থেকে চিকিৎসা নিতে আসা আনোয়ারুল আলম বলেন, ‘মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বেড়ে যাওয়ায় বেড়েছে রোগীর চাপ। আমি দীর্ঘদিন বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ জসিম উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য মানুষের একটি মৌলিক অধিকার। আমরা চেষ্টা করছি সরকারের দেয়া সব ধরনের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। আমি ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু, ডায়রিয়া ও কলেরা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ৮০০টি স্যালাইন বিতরণ করছি। প্রয়োজনে আরো দেয়া হবে।’










