চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত তিনদিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমতে থাকে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এ আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

শৈত্য প্রবাহের কারণে চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। দিন মজুরেরা কাজ পাচ্ছে না। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। হঠাৎ করে শীতের প্রকোপে বেশ সমস্যায় দিন কাটাচ্ছে এ জেলার মানুষ।