অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারী খাতে বিকাশের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। রফতানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে স্বর্ণ ও হীরা শিল্পের মতো অন্যান্য খাতেও তৈরি পোশাক শিল্পের মতো সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেয়া হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই।
আমির খসরু বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত দারুণ সফল হলেও স্বর্ণ বা হীরা শিল্পের মতো অন্যান্য খাতগুলো পিছিয়ে রয়েছে। এখন থেকে যেকোনো সম্ভাবনাময় রফতানি খাত যদি প্রস্তাব দেয়, তবে তাদের গার্মেন্টস শিল্পের সমান সুবিধা দেয়া হবে।
তিনি বলেন, ‘চুরির ভয়ে আমরা খাতগুলো আটকে রাখব না; চুরির সমাধান আলাদাভাবে হবে, কিন্তু ব্যবসার সুযোগ উন্মুক্ত থাকবে।’
দেশের বন্দরগুলোয় অহেতুক ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। কোথায় কোথায় ব্যবসায়ীরা বাধার সম্মুখীন হচ্ছে তা অবহিত করার আহবান জানান এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি সংস্কারে সময়ের প্রয়োজন। দারিদ্র্য বিমোচন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এবার একটি বড় ও কোয়ালিটি বাজেটের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে, যা সাধারণ মানুষের ডিমান্ড ক্রিয়েট করবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।










